
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বায়ুদূষণ বেড়েই চলেছে। সেই তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে কাতারের রাজধানী দোহা। অন্যদিকে বৃষ্টির পর ১০৪ স্কোর নিয়ে ঢাকার অবস্থান অষ্টম। বাতাসের এই মানকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা ৫০ মিনিটে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে দোহার স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৬।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর, যার স্কোর ১৬০। ১৫৯ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৫৭ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের দিল্লি আর পঞ্চম স্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৫৬।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তালিকা প্রকাশ করে থাকে। প্রতিমুহূর্তের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত হচ্ছে, সে সম্পর্কে মানুষকে তথ্য দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আর তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানিয়ে থাকে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় বা মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।