রাজধানীর মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মোবাইল কোর্ট আদালত-৬-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে মিরপুর বিআরটিএ অফিসে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে আটককৃতদের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারে পৃথক মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. শাহাবুদ্দিনকে (৫৮) ২০ দিনের, মো. মিজানকে (৪৩) ১ মাসের ও মো. লিটনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট কর্তৃপক্ষ জানায়, বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।