হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর এলাকায় টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব দেব (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে সুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব দেব বাহুবল উপজেলার লামাতাশী ইউনিয়নের মুধাহারবাদ গ্রামের সমির দেবের ছেলে। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিপ্লব দেব মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জ-মিরপুর-ধুলিয়াখাল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে সুঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক দুর্ঘটনায় বিপ্লব দেব নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।