রাজধানীর মিরপুরে অবৈধ ব্যাটারি চালিত রিকশা বন্ধ ও অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে জোরালো যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় ট্রাফিক মিরপুর বিভাগের আওতাধীন হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড এবং আল-কামাল হাউজিং এলাকার একাধিক ব্যাটারি চালিত রিকশার গ্যারেজে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে গ্যারেজগুলো থেকে অবৈধভাবে ব্যবহৃত ৭০টি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে ডেসকোর সহায়তায় ব্যাটারি চার্জে ব্যবহৃত ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদারের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।
মিরপুর ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়, অবৈধ ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত বিস্তার রোধ, বিদ্যুতের অপচয় বন্ধ এবং রাজধানীর সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব 









