
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ২০০৭ সালের অস্ত্র মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত ১৯ বছর ধরে পলাতক আসামি মোঃ মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে কিলার মাসুদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৩ ও র্যাব-৭-এর একটি যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানাধীন পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত ১৮ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার কিলার মাসুদ পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী। ফরিদগঞ্জ থানায় দায়ের করা ২০০৭ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
সাজা হওয়ার পর থেকেই কিলার মাসুদ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবনযাপন করছিলেন।
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অধিযাচনের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল তার অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৭-এর সহায়তায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব 





