মুন্সিগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনিকে প্যারোলে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে। স্বামীর মৃত্যুতে মানবিক বিবেচনায় বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে বুধবার (১৯ আগস্ট) সকালে পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়। সকালেই বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।
তিনি জানান, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা যান। কোথায়-কখন দাফন ও জানাজা হবে, তা বুধবার দুপুরের পর সিদ্ধান্ত হবে বলেও জানান টিপু।
জানা যায়, ২০১৯ সালে স্ট্রোক করেন তৌফিক নেওয়াজ। গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করাতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনরা। পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন তৌফিক নাওয়াজ।

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব 










